দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের কান্দাহারের পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিক নিহত হয়েছেন। একই হামলায় স্থানীয় গোয়েন্দা প্রধানও প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন সেখানকার গভর্নর।
তালেবান জঙ্গিদের বক্তব্য, গভর্নর কম্পাউন্ডে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এই আক্রমণ চালানো হয়। মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলারকেও হত্যার উদ্দেশ্য ছিলো তাদের। তবে তিনি পালিয়ে যান। হামলায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের তিন নাগরিক।
আগামী শনিবারে কান্দাহার শহরে নির্বাচনের ঠিক আগেই এই হামলার ঘটনা ঘটলো। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে তালেবানরা জেনারেল রাজিককে একজন ‘নৃশংস পুলিশ প্রধান’ হিসেবে উল্লেখ করে। তারা জেনোরেল রাজিক ও জেনারেল মিলারকে হত্যার টার্গেট করেছিলো বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। কিন্তু পেন্টাগন মার্কিন কমান্ডারকে মূল টার্গেট করার তথ্যটি প্রত্যাখ্যান করেছে।
২০০১ সালে মার্কিন পরিচালিত সেনা হস্তক্ষেপের পরে এই প্রথম এ ধরনের কোনো দুর্ঘটনায় পড়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বড় কর্মকর্তা প্রাণ হারালেন।
তবে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি জিম ম্যাটিস জানিয়েছেন এই আক্রমণ আফগানিস্তানে মার্কিন সেনা অভিযানকে প্রভাবিত করবে না।









