টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল সোমবার দেশে ফিরেছে। নেদারল্যান্ডস থেকে সব ম্যাচ জিতে ফেরা সালমা, রুমানাদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। পরে সকল খেলোয়াড়দের মিষ্টিমুখ করান তিনি।
শনিবার আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফাইনালে পান্না ঘোষের ক্যারিয়ার সেরা (১৬/৫) বোলিংয়ে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েদের ৯৭ রানে থামিয়ে দেয় টিম টাইগ্রেস।
গত মাসে মালয়েশিয়া থেকে এশিয়া কাপের সোনালী ট্রফি নিয়ে ফিরেছিল টিম টাইগ্রেস। বাছাইপর্ব শুরুর আগে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ২-১এ সিরিজ জিতে আরেকটি ট্রফি বগলদাবা করে সালমা খাতুনের দল।
আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের রুপালি রংয়ের ট্রফি জিতে গত অর্জনের খাতায় লাল-সবুজের মেয়েরা যুক্ত করেছে আরও একটি পালক।
টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ৯ নভেম্বর গায়ানায় টুর্নামেন্ট শুরুর দিন স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।
বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ফলে সালমা-রুমানাদের একে একে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে।







