পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব আল হাসান। সোমবার সকালে ঢাকায় ফিরে দুপুরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগার অলরাউন্ডার শুরু করেছেন দলের সঙ্গে অনুশীলন।
ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে পাকিস্তানে উড়ে যান সাকিব। পিএসএলের মাঝপথে নিজেকে সরিয়ে নেন আসর থেকে। জানা যায় তার পরিবারের এক সদস্য অসুস্থ।
যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ায় ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। সিরিজ শুরুর দুই দিন আগে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে পেল বাংলাদেশ।
মাঠে এসেই সাকিব নতুন করে ফেরা পুরনো হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হাত মেলান। পরে ওয়ার্মআপ শুরু করেন।
১ মার্চ মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।







