আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি প্রেরণ এবং দেশে শিশু-কিশোরদের মধ্যে রোবটিক্সকে জনপ্রিয় করতে দেশে প্রথমবারের জন্য আয়োজিত হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও)।
যৌথভাবে এ আয়োজন করার জন্য বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর মধ্যে এক সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
বিভাগের বিভাগীয় প্রধান ড. লাফিফা জামাল এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেসমিন আকতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সাক্ষর করেন।
এসময় ড. লাফিফা জামাল বলেন: বিশ্বব্যাপী শিশু-কিশোররা রোবটিক্সের নতুন জগৎ নিয়ে আগ্রহী হয়ে উঠছে। আমাদের নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সে জন্য এ আয়োজন।
তিনি এ আয়োজনে সহায়তা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আহবান জানান।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস জানান: ৭ থেকে ১৩ বছরের শিশু-কিশোররা রোবট সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ সব বিষয়ে শিক্ষার্থীদের তৈরি করার জন্য বিভিন্ন স্কুলে একাধিক কর্মশালার আয়োজন করা হবে।
এ বছরের ডিসেম্বর মাসে ফিলিপিন্সের ম্যানিলাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বিজইয়ীরা অংশ নিতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোবটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের শিক্ষক ড. সুগত আহমেদ, শামীম আহমেদ দেওয়ান, ইনর সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস প্রমূখ।
আগ্রহীদের বিস্তারিত তথ্যের জন্য https://www.bdosn.org/ ওয়েবসাইটে কিংবা বিডিআরওর ফেসবুক পেজে http://(https://www.facebook.com/RobotOlympiadBd/)নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে।







