দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসানের ফেরা নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার আভাস মিলেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অবসরের প্রসঙ্গে কথা বলেন।
তিনি জানান, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেয়ার।’
বিশ্বকাপে শেষ টি-টুয়েন্টি খেলে সাকিব দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছেন। তবে হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।
কিছুদিন আগে ফারুক আহমেদ কঠোরভাবেই বলেছিলেন সাকিবকে নিরাপত্তা দেয়ার এখতিয়ার বিসিবির নেই। বিসিবি সভাপতি ও অন্য বোর্ড কর্তারা আড়ালে চেষ্টা করে যাচ্ছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের দেশে ফেরার পথ সুগম করতে।
সোমবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ইতিবাচক বার্তা দিলেন, ‘লিগ্যাল প্রসিডিউর তো আমি বলতে পারব না। আমি তো ছোট মানুষ, একজন বোর্ড সভাপতি। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটি পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আগেও বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন সামগ্রিক দায়িত্ব নেয়ার।’
‘আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভেতরে সে ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন মাঠে যাবে, এসব দায়িত্ব নেয়াটা তো আমার জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে দেশের মাটিতে খেলেই সাকিব আল হাসান বিদায় নিক এটা তিনি চান।
ছাত্র-আন্দোলনের সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিশ্চুপ ছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় সাকিব আল হাসানের নামেও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ভারতে টেস্ট সিরিজ খেলে এখন যুক্তরাষ্ট্রে গিয়ে ন্যাশনাল লিগ টি-টেন ক্রিকেটে খেলছেন সাকিব। তার স্ত্রী-সন্তানরা থিতু যুক্তরাষ্ট্রেই।








