করোনাকালে আইসিসি সব ম্যাচ স্বাগতিক দেশের আম্পায়ারদের দিয়ে পরিচালনা করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অফিসিয়াল হিসেবে দায়িত্ব বর্তেছে স্থানীয়দের কাঁধেই।
পাঁচ ম্যাচেই রেফারির দায়িত্বে থাকবেন সাবেক টাইগার ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল। আর ম্যাচ পরিচালনায় থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভীর আহমেদ।
ঘুরে ফিরে চারজনই ম্যাচ ভেদে অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। দুদলের মাঝে এটি প্রথম টি-টুয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজ।









