গলে সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে মুশফিকুর রহিমের দল। টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তখন চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে। লক্ষ্য শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে যোগ দেওয়া। লঙ্কায় টাইগারদের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। তার আগেই অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন মাশরাফি। ইমার্জিং কাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটি অনুশীলন ম্যাচে খেলবেন তিনি। বিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
আত্মবিশ্বাস আরও বাড়িয়ে শ্রীলঙ্কায় যাওয়ার লক্ষ্যেই মাশরাফি প্রস্তুতি ম্যাচে খেলতে চেয়েছেন বলে জানা গেছে। ফিটনেস শতভাগ ফিরে পেতে বেশ পরিশ্রমও করছেন হোম অব ক্রিকেটে। সব ঠিক থাকলে তাই শ্রীলঙ্কা যাওয়ার আগেই ৫০ ওভারের ম্যাচে ফেরার অনুশীলন হয়ে যাচ্ছে তার। ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।
গত ৮ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মাশরাফি। নিজের বলে কোরি অ্যান্ডারসনের দেওয়া ফিরতি ক্যাচ নিতে যেয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান। পরে এক্স রেতে দেখা যায়, আঙুল ভেঙে গেছে। তারপর বাংলাদেশ আর রঙিন পোশাকে খেলেনি। মাশরাফি আছেন পুনর্বাসনের মধ্যে।
আপাতত বোলিংয়ে কোন অস্বস্তি নেই মাশরাফির। বল ধরা ও ছাড়ায় সমস্যা হচ্ছে না তার। তবে ফিটনেসে একটু ঘাটতি রয়ে গেছে। সেটি ফিরে পেতে জিমে সময় দিচ্ছেন ম্যাশ।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হতে পারে আগামী রোববার। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা হতে পারে রোববার।’
চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে সুযোগ না পাওয়া ইমরুল কায়েস শনিবার শ্রীলঙ্কা যাচ্ছেন। ১৫ মার্চ কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের একাদশে জায়গা হতে পারে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। ইমরুলের শ্রীলঙ্কা যাওয়া নিয়ে নান্নু বলেন, ‘আগেই বলেছিলাম, ইমরুল ফিট হলে দ্বিতীয় টেস্টে দলে ফিরবে। সেই হিসেবে শনিবার ইমরুল শ্রীলঙ্কায় যাচ্ছে। দ্বিতীয় টেস্টের একাদশে ফিরতেও পারে।’








