আসলাম চৌধুরীর দেশ বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি ও অন্যান্য দলের আরও কয়েক নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসামদুজ্জামান খাঁন। মন্ত্রী বলেছেন ওই নেতাদের ব্যাপারে আরও তথ্য প্রমাণ সংগ্রহের জন্যে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারের পর বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলী গেয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে চুক্তি করে সরকার উৎখাত ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার দাবি করেন পুলিশের আইজি। এর পরপরই গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্টদ্রোহ মামলা করে ডিবি। এজাহারে বলা হয়, ইসরাইলী লিকুদ পার্টির নেতা এবং সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির মাধ্যমে ওই ষড়যন্ত্র চূড়ান্ত করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই ষড়যন্ত্রে শুধু আসলাম নয়, আরও কয়েক নেতার জড়িত থাকার দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসলাম চৌধুরীকে রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন , জনগণ বিস্মিত হবে এমন তথ্যও বের হয়ে আসতে পারে। তদন্তের প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর ওই নেতাদের গ্রেফতারে পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছে ডিবি।







