দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে গত কয়েক বছরের মধ্যে গেল অক্টোবর মাসকে অনেকেই বিশেষ বলছেন। কারণ এই মাসে মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ডুব’ নিয়ে দর্শক মজেছিল ভরপুর আলোচনায়। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের অভাবনীয় উপস্থিতি ছিল দেখার মত। সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার সময়েই শুক্রবার (৩ নভেম্বর) মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব অভিনীত ছবি ‘গেইম রিটার্নস’।
নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে নিরব, তমা ও লাবন্য লিজার অভিনয়ে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘গেইম রিটার্নস’। শুক্রবার দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নিরব।
এরইমধ্যে ‘গেম রিটার্নস’ বেশ প্রচারণাও করেছে। বিশেষ করে ইউটিউবে প্রকাশ পায় ছবির টিজার, ট্রেলার ও গান। এগুলো দর্শককে ছবিটি দেখতে বেশ আগ্রহী করে তুলেছে বলে জানালেন ছবির নির্মাতা রয়েল খান। এছাড়া এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন দেশের দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর, এটাকেও বাড়তি আকর্ষণ মনে করছেন তিনি।
ত্রিভুজ প্রেমের ছবি হলেও ‘গেম রিটার্নস’-এর বেশির ভাগেই আছে ভরপুর থ্রিলার আর অ্যাকশন। ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গানগুলোতে কন্ঠ দিয়েছেন ধ্রুব গুহ, আরফিন রুমী ও বেলাল খান। ছবিটি প্রযোজনা করেছে রোনিও মাল্টিমিডিয়া।







