আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে শারদীয় দুর্গোৎসবের। একদিকে আনন্দ অন্য দিকে ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের বেদনার সুর ভক্তদের মাঝে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি। সকালে দর্পণ আর ঘট পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের সমাপ্তি পর্ব পালন করা হয়। ভাসানে বিষাদের সুর থাকলেও শেষ বারের মতো মণ্ডপগুলোতে ঢাক-ঢোল আর কাসরের তালে তালে চলে সিঁদুর উৎসব।
বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দিরে এক হবে রাজধানীর ২২৯টি মণ্ডপের প্রতিমা। ৫ টায় বিসর্জনের পথে বুড়িগঙ্গার পথে যাত্রা করবে দেবী দুর্গা।
কয়েক ঘন্টা পরই মাকে বিদায় দিতে হবে তাইতো শেষ দিনে যতটুকু সময় কাছে পাওয়া যায় ততটুকু সময়ে মাকে খুশি করতে ব্যস্ত ভক্তরা। নেচে গেয়ে আর প্রার্থনায় মায়ের কাছে নিজেদের চাওয়ার কথা জানাচ্ছেন সনাতন ধর্মের মানুষ। 
শেষ বেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বিসর্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তবে দেবী দুর্গার বিদায় মুহূর্তে ভক্তদের মন ভারি থাকলেও এক বছর পর আবারও মা ফিরে আসবেন সেকথা ভেবে খুশি তারা।








