নাটকের একটি দৃশ্য চলাকালীন সময়েই ঘুমিয়ে পড়লেন মডেল ও অভিনয়শিল্পী সজল। দৃশ্যটি ছিল এমন, ঘুমিয়ে থাকবেন সজল আর সহশিল্পী শশী একটা মুরগি তার সামনে ঝুলিয়ে ভয় দেখাবে। আর এই ঘুমিয়ে থাকার শট দিতে গিয়ে সত্যি ঘুমিয়ে পড়েছিলেন এই অভিনেতা। এমন ঘটনাই ঘটেছে ‘প্রিয়তমেষু’ নামের একটি একক নাটকে। মজার এই অভিজ্ঞতার কথা জানালেন সজল নিজেই।
সজল বলেন, ‘আসলে সারাদিনের ক্লান্তি আর কয়েকদিন ঘুমহীন থাকায় শট চলাকালীন সময়েই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের জন্য ভুলেই গিয়েছিলাম শুটিং হচ্ছিল। আমার ঘুম দেখে ইউনিটের সবাই হাসছিল।’

গাজীপুরের পূবাইলে শুটিং হয়েছে নাটকটির। এটি রচনা করেছেন জাহির করিম এবং পরিচালনা করেছেন শাখাওয়াত মানিক। সজল-শশী ছাড়াও এতে অভিনয় করেছেন রুনা খান। নাটকের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গ্রামীণ আবহের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।








