দ্বিতীয় সেশনের শুরুতে দিনের প্রথম সাফল্য পেল বাংলাদেশ। রিশভ পান্টকে দুর্দান্ত ক্যাচে সাজঘরে পাঠিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ১০৯ রানের মাথায় মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে সোজা ব্যাটে বাউন্ডারি মারতে চেয়েছিলেন পান্ট। কিন্তু দ্রুতগতিতে আসা বলটি সাহসিকতার সঙ্গে তালুবন্দী করে ফেলেন মিরাজ।
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের লিড পাঁচশর দিকে ছুটছে। তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করছে স্বাগতিকরা। বাংলাদেশের সামনে লক্ষ্য কেবল বড়ই হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪৩ রান।
রোহিত শর্মার দল এগিয়ে ৪৭০ রানে। দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর শুভমন গিল-রিশভ পান্ট ১৬৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনে থাকেন অবিচ্ছিন্ন। পান্ট আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নেন গিল।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার ৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন গিল। মাঝে দুটি ওভার শান্ত থাকলেও দিনের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তার।
নাজমুল হোসেন শান্তদের ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়ে রাত্রি বিশ্রামে যায় রোহিত শর্মার দল।







