রাজধানীর কুর্মিটোলায় ফ্লাইওভারের ঢালে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সোমবার এই রিটটি করেন।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আজ এই রিটের শুনানি হতে পারে।
রিটাকারি আইনজীবী জানান, “রিট আবেদনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণসহ কিছু নির্দেশনা চাওয়া হয়েছে।”
এর আগে গতকাল দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে রাজধানীর র্যাডিসন হোটেলের উল্টো দিকে কুর্মিটোলায় ফ্লাইওভারের ঢালে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় বাসের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম। এঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একদল শিক্ষার্থী ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর বাসটি ফ্লাইওভার দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দেয়। ঘটনার পরই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে বেস কিছু যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা মামলা দায়ের করেছেন এবং র্যাব ওই বাসের ড্রাইভার-হেলপারসহ ৪ জনকে আটক করেছে।








