পাকিস্তান সফরে ঐতিহাসিক সাফল্যের রেশ না কাটতেই দেশে ফেরার তাড়া বাংলাদেশ দলের। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই পাকিস্তানকে হারানো শান্তবাহিনী ঢাকা ফিরবে দুই ভাগে। প্রথম গ্রুপ বুধবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
পরের গ্রুপটি এসে পৌঁছাবে তিন ঘণ্টা পর। বাংলাদেশ সময় তখন বুধবার দিবাগত রাত ২টা। জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১২ আগস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট থেকে।
সফল সিরিজ শেষ করে সাকিব যাচ্ছেন যুক্তরাজ্যে, কাউন্টি খেলতে। সেখান থেকে বাংলাদেশের পরের সিরিজে ভারতে যোগ দেবেন।
পাকিস্তানে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের। এবার নতুন ইতিহাস রচনা করেছে টিম টাইগার্স। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য উপহার দিয়েছেন মুশফিক-লিটন-মিরাজরা। বাবর আজমদের হোয়াইটওয়াশ করে ছেড়েছেন তারা।








