অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সফর স্থগিতের ধকল কাটিয়ে নভেম্বরেই বাংলাদেশের মাঠে বসছে আন্তর্জাতিক ক্রিকেট আসর । টিম-টাইগার্সের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ১০ অক্টোবর দুবাইয়ে আইসিসি’র সভায় জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত হবে সফরসূচী। একই সভায় অন্য দেশগুলোকে আশ্বস্ত করতে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবে বিসিবি।
এপ্রিলের ছয় মাস পর বিসিবি’র পরিচালকমন্ডলীর সভাটি বাড়তি গুরুত্ব পেয়েছিলো অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকানদের সফর স্থগিতের আচমকা সিদ্বান্তে। সেই সমস্যা কাটছে আপাতত। জানুয়ারিতে নির্ধারিত জিম্বাবুয়ের বাংলাদেশ সফরটি এগিয়ে আনা হয়েছে দুই মাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, নভেম্বরে সফরের প্রথম পর্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ, জানুয়ারিতে তিন ম্যাচের ওডিআই এবং সমসংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকানদের সফর স্থগিতের ঘোষণায় বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটে চলছে সাময়িক ইমেজ সংকট। সেই সংকট কাটাতে মিডিয়ার গঠনমূলক তথ্য পরিবেশনের জন্য আবেদন জানান পাপন।
বিসিবি’র পরিচালকমন্ডলীর দ্বাদশ সভায় এক বছর করে বাড়ানো হয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, বিভিন্ন বয়সভিত্তিক, ডেভেলপমেন্ট ও জাতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচের চুক্তির মেয়াদ। অফিসিয়াল স্পন্সর ‘রবি’র পৃষ্ঠপোষকতায় আবারো চালু হচ্ছে পেইসার হান্ট কার্যক্রম, বিশ্বমানের আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত হচ্ছে হোম অফ ক্রিকেটের ইনডোর কমপ্লেক্স।






