অবৈধ মোটরসাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রোবাসে হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড়শ’রও বেশি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলে যানবাহন ও চালককে আইনের আওতায় এনেছে ট্রাফিক বিভাগ।
কেবল ট্রাফিক উত্তর বিভাগেই খোলা হয়েছে অন্তত ৬৪টি হাইড্রোলিক হর্ন। ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজোয়ান চ্যানেল আই অনলাইনকে বলেছেন, গাড়ির গ্লাসে কালো পেপার ব্যবহারের বিরুদ্ধেও চলছে অভিযান।
রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল পাওয়া গেলে তার বিরুদ্ধে শুধু মামলা দায়েরই হচ্ছে না আটক করে বাজেয়াপ্তও করা হচ্ছে। রাজধানীতে গত একদিনে প্রায় ৭০০ মটর সাইকেলের বিরুদ্ধে অর্থদণ্ড আদায় করেছে ট্রাফিক বিভাগ।
যানবাহনের রেজিস্ট্রেশন, হাইড্রোলিক হর্ন পরিহারসহ যানবাহন চলাচলে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হবেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেসময় অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশনের বিষয়েও সময় বেধে দেয়া হতে পারে বলে জানা গেছে।









