আজকের সাম্রাজ্য, আগামীকালের অ্যাশেজ (ছাই)। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের অবস্থা যেন তাই হল। ইউরোপের রাজাদের ১০০০ দিনের রাজত্ব শেষ। ১৩ বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে আয়াক্সের কাছে নাস্তানাবুদ হয়ে ইউরোপ সেরার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগ ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠে গেছে ডাচ ক্লাবটি।
ঘরের মাঠে আগের চার ম্যাচের তিনটিতেই হেরেছিল রিয়াল। তার মধ্যে আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে পরপর দুটি এল ক্ল্যাসিকোয় হার। ১২ পয়েন্ট পিছিয়ে লা লিগা জয়ের সম্ভাবনা খুবই কম। এল ক্ল্যাসিকোর একটি হেরে স্প্যানিশ কোপা ডেল রে থেকেও বিদায়। বাকি ছিল চ্যাম্পিয়ন্স লিগ। এবার আয়াক্সের কাছে হেরে সেটাও গেল রিয়ালের। ২০০৬ সালের পর এই প্রথম শেষ ষোলো থেকে বিদায় নিল স্প্যানিশ কুলিনরা।। অথচ, সবশেষ পাঁচ আসরে চারবারই চ্যাম্পিয়ন তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচে রামোসের অভাববোধ করে রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচে গোলের দেখা না-পাওয়া রিয়াল এদিন এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটে। লুকাস ভাসকেজের ক্রসে রাফায়েল ভারানের হেড ক্রসবারে লেগে ব্যর্থ হলে হতাশা গ্রাস করে রিয়ালকে।
সুবর্ণ সুযোগ নষ্টের হতাশা কাটতে না কাটতেই সপ্তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। মাঝমাঠের কাছে টনি ক্রুজের দুর্বল ব্যাকপাস দুসান তাদিচ নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পাস বাড়ান হাকিমকে। পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে পাঠান এই ডাচ মিডফিল্ডার।
প্রথম লেগে দুর্দান্ত খেলেও ১-২ গোলে হেরেছিল আয়াক্স। কিন্তু এদিন প্রথম থেকে আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচ ক্লাবটি। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আয়াক্স। এই গোলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল সার্বিয়ান ফরোয়ার্ড তাদিচের।
অবশ্য নিজেদের দায়ও এড়াতে পারবে না রিয়ালের খেলোয়াড়রা। কাসেমিরোকে কাটিয়ে তাদিচ অনেকটা এগিয়ে ডি-বক্সে বল বাড়ান। এসময় তাকে বাধা দিতে এগিয়ে আসেনি কেউ। বল ধরে এগিয়ে আসা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেরেস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে রিয়াল। ৫৩ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। কিন্তু কারভাহালের বাড়ানো বল ধরে বেনজেমার শট ক্রসবার ঘেঁষে চলে যায়। দুই মিনিট পর তাদিচের শট ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে রাখেন কোর্তোয়া। কিন্তু তা বেশিক্ষণ আটকে রাখতে পারেননি বেনজিয়াম গোলরক্ষক। সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকেই বাঁ পায়ের উঁচু জোরাল শটে বল ঠিকানায় পাঠান তাদিচ।দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে আয়াক্স। তবে ৭২ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন মার্কো অ্যাসেনসিও।
রাতের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ১-০ গালে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে প্রথম লেগে স্পাররা জিতেছিল ৩-০ গোলে।







