প্রয়াত পরিচালক দিলীপ সোমের ‘দোলা’ সিনেমার মধ্য দিয় ঢালিউড পর্দায় আগমন
ঘটেছিল মৌসুমী ও ওমর সানি জুটির। এরপর সানি-মৌসুমী জুটি বেঁধে ৪০টি
সিনেমায় অভিনয় করেছেন।
ইন্ডাস্ট্রিতে প্রয়াত মান্নার পর আর কোনো অভিনেতার
সঙ্গে খুব একটা জুটি বাঁধেননি মৌসুমী। সেই ধারাবাহিকতায় সফল এ জুটিকে আবার
পর্দায় ফিরিয়ে এনেছেন পরিচালক বদিউল আলম খোকন।
বাস্তব জীবনে সফল জুটি বহুদিন পর তাদের ৪১তম সিনেমা ‘হারজিত’ নিয়ে পর্দায় ফিরছেন। আর সেকারণে স্বাভাবিকভাবেই খুব বেশি উচ্ছ্বসিত মৌসুমী ও ওমর সানি।
চ্যানেল আই অনলাইনকে চিত্রনায়ক ওমর সানি বলেন, বহুদিন পর মৌসুমীর সঙ্গে কাজ করছি খুব ভালো লাগছে। তারচেয়ে বেশি ভালো লাগছে খোকন ভাইয়ের ছবিতে কাজ করতে পেরে। কারণ ওনার কাজ খুব গোছানো হয়। তাছাড়া দীর্ঘদিন পর দর্শক একটি সামাজিক ছবি দেখতে পাবে। যেখানে, প্রেম, আনন্দ দুঃখ সবকিছুই খুঁজে পাবে দর্শক।
গত ২৩ সেপ্টেম্বর ‘হারজিত’র শুটিং শুরু হয়েছে। শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘হারজিত’ সিনেমায় মৌসুমী ও আমি স্বামী-স্ত্রী ভূমিকায় অভিনয় করছি। আর এ ছবির পুরো টিম বাণিজ্যিক। ছবির সেট থেকে শুরু করে মেকআপ পর্যন্ত। মনে হচ্ছে, অনেকদিন পর নব্বই দশকের মতো ছবির সেট পেলাম। কারণ বর্তমানে বেশিরভাগ যেসব সিনেমা হয় দেখলে মনে হয় প্যাকেজ নাটকের শুটিং হচ্ছে।
বহুদিন পর মৌসুমীর সঙ্গে পর্দায় ফেরা প্রসঙ্গে স্বামী ওমর সানি বলেন, এককথায় ও-য়া-ও। নিজের ঘরনীর সঙ্গে ৪১তম ছবিতে অভিনয় করছি ভাবতেও ভালো লাগছে। তবে আজ খুব মনে পড়ছে প্রয়াত মান্না ভাইয়ের কথা। কারণ মৌসুমী এবং মান্নার জুটিবদ্ধ সিনেমার রেকর্ড ভাঙ্গতে আমার আর দুটো ছবি দরকার। 
কিন্তু এই কাজটি যদি মান্না ভাই বেঁচে থাকতে করতে পারতাম তাহলে মনে খুব আনন্দ হতো। আবার এমনও হতে পারতো মান্না ভাই থাকলে মৌসুমীর সঙ্গে তার এক’শ তম ছবিও হতে পারতো।
‘হারজিত’ সিনেমায় ওমর সানি ও মৌসুমী সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের দুই সুপারহিট তারকা মাহিয়া মাহি ও সজল।








