ভারতের রাজধানী দিল্লীতে ১৫ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ম্যাগি নুডুলসকে। এই সময়ের মধ্যে রাজধানীর সবগুলো দোকান থেকে সব ধরনের ম্যাগি লুডুলস তুলে নেওয়ার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা পর নতুন নুডুলস বিক্রি করতে নির্দেশও দেওয়া হয়েছে।
ম্যাগি নিয়ে বিতর্কের পর ভারতীয় সেনাবাহিনীও তাদের সৈন্যদের ম্যাগি নুডুলস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জেইন বলেন, নেসলে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের জবাব নিয়ে মোটেও সন্তুষ্ট নই আমরা। দিল্লীর সরকার এখন সবধরনের নুডুলস ব্র্যান্ড পুনরায় পরীক্ষা করবে।
মনো-সোডিয়াম গ্লুটামেটের উপস্থিতি থাকার কারণে সারা ভারতে চলছে ম্যাগি বিতর্ক। গুজরাট, মহারাষ্ট্র, বিহার, হারিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশেও এ নুডুলস পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ম্যাগির বিরুদ্ধে এমন সব বিতর্কের মধ্যে শেয়ারের দাম কমে গেছে নেসলের। বুধবারেই নেসলের শেয়ার দাম কমে ১১.৫ শতাংশ।
ভারতে কোম্পানিটির মোট আয়ের ২০ শতাংশই আসে ম্যাগি নুডুলস বিক্রি থেকে। ম্যাগি নিষিদ্ধ হওয়ায় নেসলে বড় ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে।





