বিভিন্ন গান, সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। চীনা এই অ্যাপটি এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। আর টিকটক ভিডিওতে মজেছেন মডেল অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম!
তবে সেটা তার বাস্তব জীবনে নয়! আলোক হাসান পরিচালিত নাটক ‘টিকটিক গার্ল’-এ এভাবেই দেখা যাবে অভিনেত্রী শাহতাজকে।
নির্মাতা জানালেন, বর্তমানে শুটিং চলছে এ নাটকের। যেখানে শাহতাজের বিপরীতে কাজ করছেন ইরফান সাজ্জাদ। পরিচালক গল্পের ধারণা দিলেন এভাবে, দিনরাত টিকটক ভিডিওতে আসক্ত দেখা যাবে শাহতাজকে। নাওয়া নেই, খাওয়া নেই তার সব মনোযোগ ওই টিকটকে। বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও টিকটক ভিডিও করেন শাহতাজ।
এর মধ্যেই শাহতাজের টিকটক ভিডিও দেখে আরেকটি ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এ নিয়ে প্রেমিক ইরফান সাজ্জাদ পড়েন বিপাকে। তখন ইরফান বলেন, চকচক করলেই যেমন সোনা হয়না, টিকটক করেই তেমনি নায়িকা হওয়া যায় না। এরপর যেটা দর্শক দেখতে পাবেন সেখান থেকে থাকবে শিক্ষামূলক বার্তা। জানালেন নির্মাতা আলোক হাসান।
চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আলোক বলেন, টিকটক তরুণ তরুণীদের কাছে জনপ্রিয়। কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। টেকনোলোজির প্রতি বেশি ঝুঁকছি। এতে আসক্তির ফলে নিজেদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। অনেকসময় বিপদে পড়তে হচ্ছে। এটাই দেখানো হয়েছে ‘টিকটক গার্ল’ নাটকে।
শাহরিয়ার খানের রচনায় ঈদুল আযহায় নাটকটি দেখানো হবে একটি অনলাইন প্লাটফর্মে।








