আগামীকাল সোমবার প্রচার করা হবে প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি অভিনীত শেষ নাটক ‘লুকোচুরি’। জাকারিয়া সৌখিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এটি কাল ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
নাটকে দিতির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তিনি বলেন, ‘আগামীকাল দিতি আন্টির সঙ্গে আমার নাটকটি প্রচার হচ্ছে। আর তা ভেবেই কান্না পাচ্ছে। ওনার সঙ্গে কী মজাটাই না করেছি শুটিংয়ের সেটে। তিনি সারাক্ষণ কথায় কথায় মাতিয়ে রাখতেন। আর আদরের বেলায় ষোলআনা।’
তিনি আরও বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় মনে হয়নি আমার মা সঙ্গে নেই। নাটকের মা দিতি যেন বাস্তবেও আমার নিজের মা হয়ে যান। কী খাচ্ছি, কী খাব— এই নিয়ে ছিল তার ব্যস্ততা। সেই স্মৃতিগুলো ভেবে খারাপ লাগছে।’
নাটকে দিতি ও অপর্ণা ছাড়া আরও অভিনয় করেছেন রওনক হাসান।
জিয়াউদ্দিন আলম বলেন, ‘এটি একটি প্রচলিত পারিবারিক গল্পের উপস্থাপন। নাটকের গল্পে দিতি অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন। সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়ে রওনক হাসানের সঙ্গে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকের শুটিং হয়েছে চিত্রনায়িকা দিতির গুলশানে বাসায়। নাটকটি প্রযোজনা করেছে বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ড।’







