সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া আত্মঘাতী বোমা হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। শনিবারের এই হামলায় ৩৩ নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা। সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা হলেও দামেস্কের সুরক্ষিত এই জায়গায় হামলার ঘটনা খুবই কম বলে জানায় গণমাধ্যম।
দামেস্কের বাব আল-সাগিরের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। বাব আল-সাগিরের একটি দরগায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিয়া তীর্থযাত্রীরা এসে থাকেন।
সানার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা দুটি বোমা হামলা চালিয়েছে। একটি বাব আল-সাগিরে এবং অন্যটি বাব মুসালায়। এতে ৩৩ জন মানুষ নিহত এবং একশ’র বেশি মানুষ আহত হয়েছে।
তবে সানা নিহতের সংখ্যা ৩৩ জানালেও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মানার ৪০ জনের কথা জানিয়েছে। বেশ কয়েকজন ইরাকি নাগরিকও হামলার শিকার হয়েছেন বলে জানায় চ্যানেলটি।
লেবানন থেকে পরিচালিত আসাদ সরকার সমর্থিত টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন জানায় হামলার মূল টার্গেট ছিলেন শিয়া তীর্থযাত্রীরা।







