করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন সার্জিও রামোস এবং গ্যারেথ বেল। এই জয়ে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে সান্টিয়াগো সোলারির দল ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। সতীর্থের বাড়ানো বল ধরে একক প্রচেষ্টায় ডি বক্সে ঢোকা লুকা মদ্রিচের শট ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি দিয়েগো লোপেস। ফিরতি শটে প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।
১৫ মিনিটের ব্যবধানে ২-০ করেন স্প্যানিশ তারকা রামোস। তবে এর ১০ মিনিট পরেই লিও বাপিস্তার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এস্পানিওল। তবে বেশিক্ষণ লড়াইয়ে টিকে থাকতে পারেনি তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।
এদিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন বেল। এরপর খেলা থেকে এক রকম ছিটকে যায় এস্পানিওল। ৭২ মিনিটে রাফায়েল ভারান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। অবশ্য ৮১ মিনিটে রোজালেস ব্যবধান কমালেও শেষ পর্যন্ত খেলায় ফিরতে পারেনি কাতালান দলটি।







