ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মতো হলো ‘প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে ক্রিকেটারদের নিলাম। আইকন তামিম ইকবালের পর সাকিব আল হাসানকেও দলে নিয়ে প্রাথমিকভাবে শক্তিশালী স্কোয়াড গড়েছে আবাহনী।
অনেক বছর পর দল গোছানোর লড়াইয়ে এবার অনেকটা এগিয়ে আবাহনী ও মোহামেডান। আর আবাহনীর চির প্রতিদ্বন্দ্বি মোহামেডানের ঘরে গেছেন মুশফিকুর রহিম এবং পেস ম্যাজিশিয়ান মুস্তাফিজুর রহমান।
এর আগে বিপিএলের নিলাম হলেও এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্রিকেটার নিলাম হলো ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে।
৯ ক্যাটাগরিতে নিলাম, আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ৩০ লাখ আর লিগের সর্বনিম্ন পারিশ্রমিক হিসেবে একজন ক্রিকেটার পাবেন সাড়ে ৩ লাখ টাকা।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, সব ভালো ভালো খেলোয়াড় সব দলেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এর মাধ্যমে লিগে একটা জমজমাট আমেজ বিরাজ করবে। উত্তেজনাও থাকবে।
আইকন ক্রিকেটার ছিলেন সাতজন। এরমধ্যে সাকিব তামিম দুজনের ঠিকানাই হয়েছে আবাহনী লিমিটেড। প্রথম পর্যায়ে ওপেনার তামিম ইকবালকে নিয়ে নেওয়ার পর দ্বিতীয় ডাকের সুযোগে ‘অবিক্রিত’ সাকিব আল হাসানকেও দলে নেয় আবাহনী।
আবাহনী লিমিটেডের জেনারেল সেক্রেটারি জালাল ইউনুস বলেন, অনেকদিন ধরেই আবাহনী চ্যাম্পিয়ন হচ্ছে না, আজকে প্লেয়ার বাই চয়েজে আমাদের একটা সুযোগ ছিল সেটা আমরা কাজে লাগিয়েছি। আমাদের টিম এবার শক্তিশালী হয়েছে ।
মোহামেডানের আইকন মুশফিকুর রহিম। আর এ প্লাস ক্যাটাগরিতে তাদের প্রথম পছন্দ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
মোহামেডান ক্রিকেট কমিটির সেক্রেটারি মুসুদুজ্জামান বলেন, চ্যাম্পিয়ন হবার জন্যেই আমরা মাঠে নামব। আমরা ৮০ ভাগ দল গোছাতে সামর্থ হয়েছি। বাকিটা পরে গুছিয়ে নিব।
আইকন মাশরাফি বিন মর্তুজাকে ডেকেছে কলাবাগান ক্রীড়াচক্র। মাহমুদুল্লাহ রিয়াদের ঘর শেখ জামাল ধানমন্ডি আর সাব্বির হোসেনের ঠিকানা প্রাইম ব্যাংক। এছাড়া ইমরুল কায়েস ব্রাদার্স ইউনিয়নে গেছেন।
তবে এ প্লাস ক্যাটাগনিতে জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুনকে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
লিজেন্ড অব রূপগঞ্জের কোচ খালেদ মাসুদ পাইলট বলেন, ব্যাটিং বোলিং নিয়ে আমরা একটা ভালো দল গড়তে পেরেছি। স্পিনার তাজুল ইসলাম ও মোশাররফ রুবেল স্পিন নেতৃত্বে থাকবে।আমরা এই দল গড়তে পেরে খুশী।
এছাড়াও এ প্লাস ক্যাটাগরির নাসির হোসেন প্রাইম দোলেশ্বরে, এনামুল হক বিজয় গাজি গ্রুপ ক্রিকেটার্সে এবং মুমিনুল হক সৌরভ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে।
২২ এপ্রিল মাঠে গড়াবে ১৩ ক্লাবের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দর্শক আকর্ষণ বাড়াতে সুপারলিগ হতে পারে ডে-নাইটের।







