মেক্সিকোর কাছে হারের পর জার্মানি এখন আহত বাঘ। শনিবার রাতে সুইডেনের বিপক্ষে জয়ে ফিরতে কতটা মরিয়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটা ফরোয়ার্ড থমাস মুলারের কথাটাতেই পরিষ্কার।
সোচিতে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন ছুঁড়েছিলেন এক জার্মান সাংবাদিক, কোচ জোয়াকিম লো তাকে ডাগআউটে বসিয়ে রাখলে কষ্ট পাবেন কিনা। উত্তর দিতে দেরি বা বিন্দুমাত্র দ্বিধা, কোনটাই করেননি জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য, ‘আমাকে বসিয়ে রেখে যদি জয় পায় দল, আমি খুশি মনেই তা মেনে নেব।’
সংবাদ সম্মেলনে প্রশ্নকর্তাও অবশ্য জানেন মুলারের সাইডবেঞ্চে থাকা প্রসঙ্গটি কেবল কথার কথা। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১০ গোল করা মুলারকে লো বসিয়ে রাখবেন এ কথা ভাবতেও পারেন না জার্মানরা। বিশ্বকাপ দৌড় টিকিয়ে রাখতে ইউরোপিয়ান প্রতিপক্ষ সুইডেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই জার্মানির। অবকাশ নেই ড্র নিয়ে ভাবারও।
মেক্সিকোর বিপক্ষে হারের পর জার্মানরা যে অখুশি এমনও নয়। দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিবেদন নিয়ে তাদের কোনো প্রশ্নই নেই। কিন্তু মেসুত ওজিলকে নিয়ে তাদের অসন্তোষটা চোখে পড়ার মতই। মেক্সিকো ম্যাচের আগে জাতীয় সঙ্গীতে ঠোঁট না মেলানো আর ম্যাচে তার শারীরিক ভাষা নিয়েও আছে অনেক জার্মান ভক্তের প্রশ্ন।
সেটি নিয়েও প্রশ্ন করতে চাইলেন সাংবাদিকরা। মুলার সুযোগ দিলেন না কাউকেই। সোজা ভাষায় জানিয়ে দিলেন দলের হারের দায় সবার। আর সবাই মিলে একটা দল হয়ে খেলেই জয়ের ধারায় ফিরতে চান তারা।
শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে জার্মানি ও সুইডেন।









