দলীয় অন্তঃকোন্দোলের কারণেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হানিফ বলেন, যারাই দলীয় শৃঙ্খলার বিরোধী কাজ করবে তাদের ছাড় দেওয়া হবে না। দলীয় গঠনতন্ত্রের আওতায় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
এক কুমিল্লা নির্বাচন সরকারের জনপ্রিয়তা প্রমাণ করে না মন্তব্য করে হানিফ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা পরিমাপ করা যাবে না। কারণ, এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন গুলোতে স্থানীয় রাজনীতির সমীকরণ কাজ করে।
এর আগে গতকাল(বৃহস্পতিবার) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে নির্বাচনে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।








