অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সিঙ্গাপুর ভিত্তিক অপর ট্রান্সপোর্ট সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাবের কাছে এ অঞ্চলের ব্যবসা বিক্রি করে দিতে পারে উবার। বিনিময়ে গ্রাবের অংশীদারিত্ব পাবে প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এ বিষয়ে দুই প্রতিষ্ঠান এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এছাড়া কবে নাগাদ এটি চূড়ান্ত হতে পারে তাও নিশ্চিত নয়।
এর আগে চীনেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল উবার। দেশটির স্থানীয় কোম্পানি ডিডি’র কাছে ক্রমাগত বাজার হারানোর পর প্রতিষ্ঠানটির কাছে সেখানকার ব্যবসা বিক্রি করে দেয় উবার। এর বিনিময়ে ডিডি’র ২০ শতাংশ মালিকানা পেয়েছিল উবার। অন্যদিকে রাশিয়ার ইয়ানডেক্সের সাথে ৩৭ শতাংশ মালিকানার বিনিময়ে একীভূত হয়েছিল সিলিকন ভ্যালির এ প্রতিষ্ঠানটি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ট্যাক্সির পাশাপাশি গাড়ি, মোটরবাইক সেবা দিয়ে থাকে গ্রাব। এ অঞ্চলের ৯৫ শতাংশ বাজার নিজেদের দখলে রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। গত বছর সফটব্যাংক এবং অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের কথা জানিয়েছিল গ্রাব।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উবার।








