প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চিন্তা করছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা তো রূপপুরে ভালোই এগোচ্ছি। রূপপুর থেকে আমরা অনেক পাব। উনি ভাবছেন বা উনার চিন্তাতেই আছে, দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে। তবে ঠিক কোন জায়গায় হবে, তা বলেননি। হয়তো উনার মাথায় আছে। দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক প্রকল্প স্থাপন উনার মাথায় ঘুরছে। উনার মাথায় যেটা ঘুরে, অবশ্যই শিগগিরই সেটার কাজে নামেন।’
সড়কে টোল আদায়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সড়ক থেকে ডিজিটালি পদ্ধতিতে টোল আদায় করা হবে। এখন আট লেনের সেতুতে টোল দিতে হয়। তবে দেশে আর টোলবিহীন সেতু হবে না। নদীগুলোকে নিয়মিত খননের আওতায় রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামে একটি মেরিন বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এটার আওতায় মেরিন একাডেমিকে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশের প্রত্যেক বিভাগে পর্যায়ক্রমে একটি করে মেরিন একাডেমি স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু কিছু বেসরকারি খাতে মেরিন একাডেমি করা হয়েছে। এগুলোর মান নিয়ে প্রশ্ন করা হয়েছে। এগুলোকে জোড়ালোভাবে রেগুলেটরির আওতায় আনতে বলেছেন তিনি।







