ঢাকা ডিপ্লোমেটিক গলফ এসোসিয়েশনের দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবে টাইগার গলফ ক্লাবের সহায়তায় টুর্নামেন্টে অংশ নেন দেশী-বিদেশী ৭০ জন গলফার। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
৩ বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন থাই রাষ্ট্রদূত মাদুরা পচানা ইত্তারং। যার পছন্দের স্পোর্টস গলফ। আর তাই ইত্তারংয়ের ‘ফেয়ারওয়েল’ হিসেবে দিনব্যাপী গলফ টুর্নামেন্টের আয়োজন রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে।
সকালে টি-অফের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইওয়ান উইরানাতা।
অংশগ্রহন করা ৭০জন গলফারের বেশিরভাগই বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কুটনীতিক। এছাড়া দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। এর আগে টুর্নামেন্টকে স্বাগত জানান কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান। বৃষ্টিভেজা সকালে মাঠের প্রতিযোগিতায় না থাকলেও কুটনীতিকদের সহধর্মিনীদের সরব উপস্থিতি ছিলো কুর্মিটোলায়।
সবশেষে আয়োজন এবং আয়োজকদের ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত। বাংলাদেশের এবং বাংলাদেশী গলফারদের জন্যও ছিলো তার শুভকামনা।
রাতে গুলশানের অ্যাম্বাসি অফ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয় টাইগার গলফ ক্লাবের দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে ৩ বছরের চাকুরী-জীবন শেষ করে নিজ দেশে ফিরে যাবেন ‘গলফপ্রেমী’ থাইল্যান্ডের রাষ্ট্রদূত ইত্তারং।






