ঐতিহাসিক এক দুয়ার খুলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখন থেকে সর্বোচ্চ বা জাতীয় পর্যায়ের ক্রিকেটে অংশ নিতে পারবেন দেশটির তৃতীয় লিঙ্গের ক্রিকেটাররা!
আইসিসির লিঙ্গ স্বীকৃতি নীতি ও নির্দেশিকা মেনেই দেশের ক্রিকেটকে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে অস্ট্রেলিয়া। টেস্টারোন হরমোনের পরীক্ষা দিয়ে রাজ্য ও জাতীয় পর্যায়ের নারী ক্রিকেট দলে খেলতে পারবেন এমন ক্রিকেটাররা।
বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, ‘বর্তমান যুগে এই মানুষদের (তৃতীয় লিঙ্গ) বৈষম্য, নিগৃহীত কিংবা দমিয়ে রাখার কোনো অধিকার আমাদের নেই। এটা উচিতও নয়। আজ ইতিবাচক পরিচয়ে আমরা এই মানুষদের অংশগ্রহণ করার সুযোগ নিয়ে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির রাখতে চলেছি। দেখাতে চাইছি আমাদের ক্রিকেটের বিস্তর সংস্কৃতিকে।’
‘শক্তি, স্ট্যামিনা এ সবকিছুই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রয়োজন। তৃতীয় লিঙ্গের ক্রিকেটারদের অভিজাত ক্রিকেটে সবরকম সহযোগিতাই করা হবে।’
তৃতীয় লিঙ্গের ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক আসরে রাস্তা খুলে যাওয়ার পেছনে মূল দায়িত্ব পালন করেছেন এরিকা জেমস। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা এই তৃতীয় লিঙ্গের ক্রিকেটার সাধুবাদ জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্যোগকে।
‘ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বপ্ন সবার জন্য খেলার সুযোগ নিশ্চিত করা। তৃতীয় লিঙ্গের ক্রিকেটাররা মানুষ এবং তারা অস্ট্রেলিয়ান। একজন মানুষের অধিকার আছে সবরকম খেলাধুলায় অংশ গ্রহণ করার। যাদের সঙ্গে খেললে স্বস্তি আসে আপনার উচিত তাদের সঙ্গেই খেলায় অংশ নেয়া।’







