ঘরোয়া ক্রিকেটে তুষার ইমরান মানে রানের ধারাবাহিকতা। শুক্রবার আরেকটি শতক হাঁকিয়েছেন। আর তাকে ভালোমতো সঙ্গ দিয়ে দিন শেষে ছাড়িয়েও গেছেন আরেক ব্যাটসম্যান মেহেদী হাসান। জাতীয় ক্রিকেট লিগে এ দুই ব্যাটসম্যানের জোড়া শতকে বরিশালের ঘাড়ে রান পাহাড় চাপাচ্ছে খুলনা। ৩ উইকেটে ৩৪৮ রান তুলে দিন শেষ করেছে দলটি।
শুক্রবার জাতীয় লিগের চারটি ম্যাচের মধ্যে পুরো দিনের খেলা গড়িয়েছে কেবল খুলনাতেই। রংপুর বনাম ঢাকা বিভাগ এবং সিলেট বনাম ঢাকা মেট্রোর ম্যাচে বল গড়ায়নি একটিতেও। আর চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ খেলা গড়িয়েছে ৪৩ ওভার পর্যন্ত। তাতে ২ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ৬৭ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪৬ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর জুটি বাঁধেন মেহেদী হাসান এবং তুষার ইমরান। ১৯৬ বলে ১৬ চার এবং এক ছয়ে ১৩২ রান করে তুষার সাজঘরে ফিরলে ভাঙে দুজনের ২৭২ রানের জুটি।
গত মৌসুমের শেষ প্রথম শ্রেণীর ম্যাচে দ্বিশতক হাঁকিয়েছিলেন তুষার। শুক্রবার তিনি না পারলেও ভালো সুযোগ আছে মেহেদী হাসানের। ২৬১ বলে ১৫ চার এবং দুটি ছয়ে ১৬৫ রান তুলে দিনশেষে অপরাজিত তিনি।








