নিজের দেশে ব্যাপক ঝামেলায় পড়ে গেছেন আর্দা তুরান। বার্সেলোনার ফুটবলার এ বছর লোনে তুরস্কের ক্লাব বাসাকশেহিরে আছেন। সেখানে নাইটক্লাবে মারামারি করার পর হাসপাতালে গুলি চালানোর অভিযোগ তুরানের বিরুদ্ধে। সেইসঙ্গে তার বিরুদ্ধে ১২ বছরের জেলের আবেদন করেছেন আইনজীবীরা।
অভিযোগ নাইটক্লাবে এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করেন তুরান। ওই মহিলার স্বামীর সঙ্গে তার মারামারিও হয়। তুরানের আঘাতে নাক ফেটে যায় সেই ব্যক্তির। তারপর ওই দম্পতি হাসপাতালে গেলে সেখানে গিয়েও ঝামেলা পাকান তুরান। গুলিও চালান।
পরে জানা যায়, ইস্তাম্বুলের নাইটক্লাবে যার নাক ফাটিয়েছেন তুরান, তিনি তুরস্কের খ্যাতনামা পপ গায়ক বেরকে।
তুরানের ক্যারিয়ারে হাতাহাতির ঘটনা এই প্রথম নয়। গত মে মাসে তুর্কি লিগে সহকারী রেফারিকে ধাক্কা মেরে রেকর্ড ১৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তুরান। এছাড়া গত বছর তুরস্কের জাতীয় দল বহনকারী বিমানে এক ক্রীড়া সাংবাদিকের গায়েও হাত তুলেছিলেন তিনি। এ কারণে তুরানকে বাধ্যতামূলক ছুটি দিয়েছিলেন তুরস্কের তৎকালীন কোচ।










