তীব্র তাপ প্রবাহে ভারতে গত ৭ দিনে মৃতের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। এদের মধ্যে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে মারা গেছে ৫শ ৫১ জন। অন্যদের বেশিরভাগই তেলেঙ্গানা রাজ্যের অধিবাসী।
তাপদাহের মধ্যেই পশ্চিম বঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারা ভারতে তীব্র খরতাপে জনজীবন বিপর্যস্ত হলেও প্রকৃতির বিচিত্র খেয়ালে কাশ্মীরে হয়েছে তুষারপাত।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও তিন দিন তাপদাহ থাকবে অন্ধ্র ও তেলেঙ্গানায়। রোববার তেলেঙ্গানার খাম্মাম জেলার তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৫ ডিগ্রি।
উত্তর প্রদেশের এলাহাবাদে গত পাঁচ বছরের মধ্যে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপদাহের তীব্রতায় সবচেয়ে দুর্বিসহ অবস্থায় রয়েছে অন্ধ্র ও তেলেঙ্গানার মানুষ। এ পর্যন্ত অন্ধ্র প্রদেশে তাপদাহে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শুধু সোমবারই ওই রাজ্যে ৩৬ জনের মৃত্যু হয়। তেলেঙ্গানায় রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৬ জনের। রোববারই ৭২ জন মারা। এ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭ ডিগ্রি।
অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্য সরকার হিটস্ট্রোক থেকে বাঁচতে গণসতর্কতা জারি করেছে। সরকারের পক্ষ থেকে জনগণকে প্রচুর পানীয় ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তাদেরকে রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থানে অবস্থান নেয়ার পরামর্শ দেয়া হয়।
সোমবার ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি আঘাত হানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ১শরও বেশি ঘরবাড়ি। বন্ধ হয়ে যায় ঝাড়খন্ড-পশ্চিমবঙ্গ মহাসড়ক।
সারা ভারতজুড়ে প্রচন্ড খরতাপে ওষ্ঠাগত জনজীবন, ঠিক তখনই কাশ্মীরে তুষারপাতের খবরে ভিড় জমিয়েছে পর্যটকরা। এ যেনো প্রকৃতির বিচিত্র লীলা খেলা।






