ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক বলেছিলেন সকালে উইকেট দেখে একাদশ সাজাবেন। এও বলে দিয়েছিলেন, পিচে ঘাস থাকলে তিন পেসার নিয়ে খেলতে নামবেন। ঘাসের উপস্থিতি তেমন একটা চোখে না পড়লেও তিন পেসার নিয়েই খেলছে তার দল।
ভারত সিরিজে বাইরে থাকা রুবেল হোসেনকে এই সফরের দলে ডাকা হলেও প্রথম টেস্টে সুযোগ দেয়া হয়নি। মোস্তাফিজের সঙ্গে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ এবং শুভাশিস রায়।
তিন পেসারকে জায়গা দিতে স্পিনারদের মধ্যে থেকে সাইডবেঞ্চে যেতে হয়েছে তাইজুল ইসলামকে। সেক্ষেত্রে অনেকটা দায়িত্ব নিতে হচ্ছে তরুণ মেহেদী হাসান মিরাজকে। সঙ্গে রয়েছেন সাকিব, রিয়াদ।
অনুমিতভাবে সাব্বির রহমান ঠাঁই পাননি। তিনি মূলত জায়গা হারিয়েছেন লিটন দাসের কারণে। মুশফিক বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন। আর উইকেট সামলাচ্ছেন লিটন। তাই কম্বিনেশন ঠিক রাখতে দর্শক হতে হয়েছে সাব্বিরকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।








