আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে চীন সমঝোতা চুক্তির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা তালেবানকে এখনই চীন কোনো অর্থায়নের বিষয়ে বাইডেন বলেছেন, ‘তালেবানদের সঙ্গে চীনের একটি সমস্যা আছে। তাই তারা চুক্তি করার চেষ্টা করছে। এ বিষয়ে আমি নিশ্চিত। পাকিস্তান, রাশিয়া, ইরানও একই পথে রয়েছে।’
গত সোমবার কাবুলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের সঙ্গে বৈঠক করে তালেবান নেতা আবদুল সালাম হানাফি।
তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বৈঠক সম্পর্কে বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন হানাফি। তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
চীনের রাষ্ট্রদূত ওয়াং আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বলেও জানান তিনি।
চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, বৈঠকে চীন আফগান ইস্যুতে তার অবস্থানের পুনরাবৃত্তি করেছে। একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ব্যাপকভিত্তিক প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে আফগানিস্তানকে সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন।







