পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার সঙ্গে জড়িত জঙ্গি ইকরামুল্লাহকে তালেবানদের একটি ভিডিওতে দেখা গেছে। যদিও ভিডিওতে বেনজির হত্যায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে ইকরামুল্লাহ।
২০০৭ সালের ওই হামলায় এ জঙ্গি একজন ব্যাকআপ বোমা বিস্ফোরণকারী হিসেবে কাজ করেছিল। প্রথমজন যদি কোনো কারণে আক্রমণ করতে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয়জন হিসেবে ইকরামুল্লাহর কাজ ছিল সেই বোমা হামলা চালানোর।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে প্রথমজনই ভুট্টোকে হত্যা করে আত্মহত্যা করে। তারপর ইকরামুল্লাহসহ আরো অন্তত ২০ জন দৌড়ে পালিয়ে যায়।
বেনজির ভুট্টোর মন্ত্রিসভার সাবেক এক সদস্যর মতে, ইকরামুল্লাহ মিথ্যে বলছে।
এই প্রথমবারের মতো একটি সন্ত্রাসী দলের ভিডিওতে এই হত্যার ঘটনায় নিজের মন্তব্য জানালেন ইকরামুল্লাহ। ধারণা করা হচ্ছে ভিডিওটি ইস্টার্ন আফগানিস্তানে তৈরি করা, যেখানে জঙ্গিদের ঘাঁটি।

নিজেকে দলের একজন ‘বড় ব্যক্তিত্ব’ উল্লেখ করে ইকরামুল্লাহ জানায়, সে কখনোই ভুট্টোর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং জানতোও না।
ইকরামুল্লাহ পাকিস্তানে মোস্ট ওয়ান্টেড সন্দেহভাজন জঙ্গি। দেশটির আদালতও তাকে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী হিসেবে আখ্যায়িত করেছে।
ভুট্টোর খুবই কাছের বন্ধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিনেটর রেহমান মালিক বিবিসিকে বলেন, তার বিশ্বাস ইকরামুল্লাহ পুরোপুরি মিথ্যে বলছে। অন্যান্য সন্দেহভাজনরাও তাকে দ্বিতীয় বোমা হামলাকারী হিসেবেই জানিয়েছে।








