আফগানিস্তানে কর্মরত রেডক্রস কর্মীদেরও নিশ্চিত নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান জঙ্গিরা। তাদের দাবি এই মানবাধিকার সংস্থাটি কাবুলের কারাগারে আটক তালেবানদের সাহায্য দিতে ব্যর্থ হয়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস বা আইসিআরসি সাধারণত আটকদের অবস্থা পর্যবেক্ষণ করে এবং তাদের চিকিৎসাসেবা দিয়ে থাকে। কিন্তু গত বছর আফগানিস্তানে সাতজন রেডক্রস কর্মী নিহত হওয়ার পরে সেখান থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে তারা।
সংস্থাটির পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, তালেবানদের আচরণের ব্যাপারে তারা সচেতন।
আইসিআরসির মুখপাত্র আন্দ্রে কাট্টা প্রিটা বলেন, জঙ্গি দলটির সঙ্গে আইসিআরসির খুব গভীর সংযোগ ছিলো এবং তারা আশা করছিলো কোনো একটি সমাধান বেরিয়ে আসবে যেন আইসিআরসি তাদের মানবিক কাজগুলো চালিয়ে যেতে পারে।
তিনি যোগ করেন, আইসিআরসি যুদ্ধক্ষেত্রে মানবিক ক্ষতির শিকার সবাইকেই সেবা দিয়ে থাকে এবং কোনো পক্ষাবলম্বন করে না। এর আগে তালেবান সদস্যদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও দিয়েছে তারা। নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে তালেবান নিয়ন্ত্রিত এলাকাতেও কাজ করে সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে তালেবান জানায়, কাবুলের পুল-ই-চারখি কারাগারে আটক থাকাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তাদের সঙ্গে কিছু ঘটলে সেটার দায় আইসিআরসিকে নিতে হবে। ভালো কারাগারের দাবিতে অনেকে অনশন ধর্মঘটও করছে।
আফগানিস্তানে ৩০ বছর ধরে কাজ করছে আইসিআরসি এবং সেখানে তাদের ১ হাজারেরও বেশি কর্মী রয়েছে। গত অক্টোবরে দলটি তাদের দুটি অফিস গুটিয়ে নেয় এবং নিরাপত্তার স্বার্থে সেখান থেকে কর্মী কমিয়ে আনে। আরো বেশ কিছু মানবাধিকার সংস্থাও সম্প্রতি আফগানিস্তান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে কারণ তালেবান ও আইএস তাদের উপরও হামলা করেছে।
পুরো আফগানিস্তানে যখন তালেবানরা অনেক সব ভয়াবহ আক্রমণ চালাচ্ছে তখনই আইসিআরসির বিষয়ে এই ঘোষণা দিলো জঙ্গি সংগঠনটি। বুধবারেও নর্দার্ন বাঘলান প্রদেশে সেনা ফাঁড়িতে তালেবানদের আক্রমণে ৪৪ আফগান পুলিশ ও সেনা মারা গেছে।
সাউদার্ন জাবুল প্রদেশের সাজয় রাজ্যে আরেকটি আক্রমণে অন্তত ৭ জন সেনা মারা গেছে। প্রাণ হারিয়েছে তিন সাধারণ নাগরিকও।







