বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।
রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই রায়ের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এ রায় দেয়া হয়েছে। তিনি বলেন, শুধু তারেক রহমানই নয় বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।
অর্থ পাচার মামলায় তারেক রহমানকে বিচারিক আদালতে খালাস দিয়ে দেয়া রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল মঞ্জুর করে গত ২১ জুলাই তাকে ৭ বছরের কারাদণ্ডাদেশ ও ২০ কোটি টাকা জরিমানার রায় দেন হাইকোর্ট।
সেই সঙ্গে বিচারিক আদালতকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়।তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও বহাল রাখা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে.বি.এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেন।







