তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রানের ক্লাবে পা রেখেছেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ রান করে মাইলফলকে পৌঁছান দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। মুশফিকের এই কীর্তিতে আইসিসি অভিনন্দন জানিয়েছে।
প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ৫ হাজার ছাড়িয়েছেন সাকিবও।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মুশফিক। পাঁজরে চোট থাকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।
এরপর মাঠে নামেন ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে। মাইলফলকে পৌঁছাতে সেদিন দরকার ছিল ২৮ রান। মুশফিক করতে পারেন ২১।







