মধ্যাহ্নভোজের পর দারুণ ছন্দে থাকা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। কেগান পিটারসেন ও টেম্বা বাভুমার সাবধানী ব্যাটিংয়ে পরে বেশ এগোচ্ছিল স্বাগতিকরা। পরে আবারও ত্রাতা তাইজুল। পিটারসেনকে ফিরিয়ে দ্বিতীয় সেশনে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন বাঁহাতি স্পিনার।
সেন্ট জর্জেস পার্কে শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া দলনেতা এলগার। প্রথমদিনে চা বিরতির আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে তার দল।
১ উইকেটে প্রথম সেশন শেষ করা প্রোটিয়ারা দ্বিতীয় সেশনের পঞ্চম ওভারে এলগারের উইকেট হারায়। ১০ চারে ৭০ রানের ইনিংস খেলে অধিনায়ক ফেরেন তাইজুলের বলে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে।
মাঝে বৃষ্টির বাধায় প্রায় বিশ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। তৃতীয় উইকেটে বাভুমাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন পিটারসেন। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৬৪ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হন পিটারসেন।
সেশনের বাকি সময়টুকু রিকেলটনকে নিয়ে নির্বিঘ্নে পার করেন বাভুমা। ৩ চারে ৩৩ রান করে অপরাজিত আছেন বাভুমা। ২৬ বলে ৭ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন রায়ান রিকেলটন।
সকালে টসে হেরে বোলিংয়ে নেমে তৃতীয় ওভারে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। খালেদের করা ফুল লেন্থের বল এরউইর পায়ে লাগলে নট আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায় আউটই ছিল সেটি!
দ্বাদশ ওভারে আঘাত হানেন খালেদ। এরউইকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ডানহাতি পেসার। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙে সাউথ আফ্রিকার।







