ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে ফিট খেলোয়াড় বলা হয় তাকে। সঙ্গে অসাধারণ ক্রিকেটীয় মেধা, নিখুঁত টেকনিকে বিরাট কোহলি দিনকে দিন চলে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে। কোহলির এমন ফিট থাকার রহস্য কী? ভারত কাপ্তান খোলাসা করেছেন সেটিও, সঙ্গে তরুণ-তরুণীদের জন্য বাতলে দিয়েছেন ফিট থাকার টোটকাও।
জনপ্রিয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সহযোগিতায় নয়া দিল্লীর একটি শপিং মলে নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান-৮’র উদ্বোধন করতে এসে ফিট রহস্য ফাঁস করেন কোহলি। তরুণ-তরুণীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
ঘরে বসে ভিডিও গেমস কিংবা ফেসবুক-টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পরিহার করে মাঠে খেলাধুলা ও শরীরচর্চার উপদেশ দিয়েছেন ভারত অধিনায়ক, ‘আজকাল আপনারা দেখতে পাবেন বাচ্চারা মাঠে না গিয়ে বেশিরভাগ সময় ভিডিও গেমস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। অথচ শরীরচর্চা কিংবা মাঠে খেলাধুলা বেশি প্রয়োজন। আমার কেবল তরুণদের জন্য এই বার্তা নয়, সারা ভারতের প্রত্যেকের জন্যই।’
তরুণ-তরুণীরা যে সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করে সেটা সময়ের অপচয়ই বলে মনে হয় কোহলি। সেজন্য সময়কে উৎপাদনমুখি করারও পরামর্শ তার, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দিনের বেশিরভাগ সময় ব্যয় না করে দিনের অল্প একটু সময় সেখানে দেয়া যেতে পারে। একটা সময় আমিও দিনের পর দিন এসব নিয়ে পড়ে থেকেছি। কিন্তু এখন আমার মনে হয়, সে সময়গুলো আমি অপচয় করেছি। আপনারা আপনাদের সময়গুলো এমন কিছুর পেছনে খরচ করুন, যেগুলো ভবিষ্যতে আপনার উপকারে আসবে।’









