আর্জেন্টিনা জাতীয় দল থেকে ছুটি পেয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে দল ছেড়ে বার্সেলোনায় ফেরারও অনুমতি পেয়েছেন তিনি। ফলে আগামী মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলে থাকছেন না আর্জেন্টাইন অধিনায়ক।
শনিবার রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ৮৬ মিনিটে সার্জিও আগুয়েরোর করা একমাত্র গোলের জোগানদাতা ছিলেন এমএল টেন।
দলের অফিসিয়াল টুইটারে তার স্পেনে ফেরার খবর জানানো হয়। তিনি কোনোরকম চোট পাননি বলে নিশ্চিত করা হয়েছে।
মেসিকে একটু বিশ্রাম দিতেই পরের ম্যাচ থেকে তাকে ছুটি দিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি। কোচ বলেছেন, ছুটির ধারণাটি তারই। কারণ দলে ফেরার পর এখন পর্যন্ত কোনও বিশ্রাম চাননি মেসি। দলের সেরা অস্ত্রকে তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত।
গড়ে প্রতি চারদিনে একটি করে ম্যাচ খেলছেন মেসি। প্রতিটি ম্যাচে আবার পুরো ৯০ মিনিটই মাঠে থাকছেন। এর ফলে ইনজুরির ঝুঁকিও বেড়ে যাচ্ছে অনেক। ইনজুরির উদ্বেগ থেকেই মেসিকে দায়িত্ব থেকে সামান্য মুক্তি দিলেন কোচ।







