নিহত সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম দাবি করেছেন, সেনা ইউনিটের অনুষ্ঠানে গান না করায় তার মেয়েকে হত্যা করা হয়। হত্যার পর ৩ ঘন্টা রাস্তা এবং সিসিটিভি বন্ধ রেখে তার মেয়ের লাশ বাড়ির কাছে ফেলে যায়। তনুর মায়ের এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সিআইডি বা কোন পক্ষ আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি।
মঙ্গলবার বিকেলে তনুর পরিবারকে সিআইডি আরেক দফা জিজ্ঞাসাবাদ করার পর আনোয়ারা বেগম বলেন, সেনা কল্যাণের অনুষ্ঠানে আমার মেয়েকে দিয়ে তিনটি গান গাওয়ানোর কথা ছিল, কিন্তু গান না গেয়ে মেয়ে বৃহস্পতিবার সিলেটে পিকনিকে চলে যায়। শনিবার রাতে বাসায় ফেরে মেয়ে, আর রবিবার সন্ধ্যা ৭টায় মেয়েকে হত্যা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, মেয়ের লাশ জঙ্গলে ফেলার জন্য সেসময় সেনানিবাসের রাস্তা ও সিসি ক্যামেরা ৩ ঘণ্টা বন্ধ রাখা হয়।
কান্নায় ভেঙ্গে পড়া তনুর মা বলেন: ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়লে না হয় বুঝতাম আমার মেয়ে ভুল করে কোনো খারাপ কাজ করেছে। কিন্তু আমার মেয়ে অনার্সের প্রথম বর্ষের ছাত্রী ছিল, নিজের ভালোটা নিজে বুঝতো। তার কোনো অসুখ ছিল না। তাহলে আমার মেয়েকে কেন হত্যা করা হল?
তনুর মায়ের এমন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সিআইডি কিছু বলেনি। অন্য কোন পক্ষও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
তনুর বাবার অভিযোগ
সিআইডির তদন্ত কর্মকর্তারা নিহত তনুর পরিবারের সদস্যদেরকে বারবার বিব্রতকর প্রশ্ন ও জিজ্ঞাসাবাদ করছেন বলে অভিযোগ এনেছেন তনুর বাবা এয়ার হোসেন। তিনি বলেছেন, আমার পরিবারের সদস্যদের যেমন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি আমার মেয়ে যাদের বাড়িতে পড়াতে যেত তাদের পরিবারকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিআইডির কার্যালয়ে নিহত তনুর বাবা এয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও চাচাতো বোন লাইজু জাহানকে আরেক দফা জিজ্ঞাসাবাদের সময় তনুর বাবা তাদেরকে (তনুর পরিবারকে) বারবার বিব্রত করার অভিযোগ আনেন।
এ বিষয়েও তাৎক্ষণিকভাবে সিআইডির বক্তব্য পাওয়া যায়নি।
পাঁচ শিল্পীকে জিজ্ঞাসাবাদ
তনুর পরিবারের আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডির একটি বিশেষ দল তনুর সঙ্গে গান করেছেন কুমিল্লার এমন ৫ শিল্পীকে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে ছিলেন শিল্পী সোনিয়া সাহা শান্তা, রাসেল সারওয়ার এবং বাদক নুরুল ইসলাম খোকন।
এর আগে সোমবার নিহত তনুর চাচাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র মিনহাজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির পরিদর্শক গাজী মো: ইব্রাহিম।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের অলিপুর কালো ট্যাংকি এলাকা থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী ছিলেন। পরিবারের সঙ্গে সেনানিবাসের অলিপুর এলাকায় থাকতেন তিনি।







