কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় কুমিল্লা সেনানিবাসের চার সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির তদন্ত সহায়ক দল।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে বিশেষ দলটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।
এ ব্যাপারে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তনুর লাশ পাওয়ার সময় পর্যন্ত ওই সড়কে কারা কখন কীভাবে দায়িত্বে ছিলেন সে বিষয়টি সম্পর্কে ধারণা নিতে এবং তারা কীভাবে দায়িত্ব পালন করেছেন সে বিষয়ে জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি বলেন, পরবর্তীতে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।








