যাবজ্জীবন নয়, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বহাল আর তনুর হত্যাকারীদের বিচার দাবি করে ঢাকা-কুমিল্লা রোডমার্চ করলো গণজাগরণ মঞ্চ। সংগঠনের নেতারা বলেছেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং অপরাধীকে আইনের আওতায় নিতে বাধ্য করতে গণজাগরণ মঞ্চ তনুর জন্য রাজপথে থাকবে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের এবারের দাবি ধর্ষণকারীর ফাঁসি। কুমিল্লার সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে সকাল ১০ টায় শাহবাগ থেকে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। নারীর প্রতি সহিংসতা বন্ধে চলতে চলতে থাকে পথসভা।
বেলা ৫ টায় রোডমার্চ পৌঁছে কুমিল্লার কান্দিরপাড়ে। সেখানে শুরু হয় সমাবেশ। সমাবেশে যোগ দেয় তনুর সহপাঠিসহ অনেকে।
পরে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক ডা. ইমরান এইচ সরকার। মঞ্চের অবস্থান কোনো প্রতিষ্ঠানের অঙ্গুলির নির্দেশ নয় বলে মন্তব্য করেন তিনি।
ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চের নেতা কর্মীরা।
ন্যায়বিচারের দাবিতে কুমিল্লাবাসীকে এক হওয়ার আহবার জানিয়ে ৩০ মার্চ তনুর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টা শিক্ষা বিরতি পালনসহ মানববন্ধন করার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।






