কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী।
কুমিল্লা শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা।
শিক্ষার্থীরা জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ জানাতে তারা এ বিক্ষোভের আয়োজন করে।
এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কান্দিরপাড়ে জড়ো হয়। বিক্ষোভকালে বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড ও ব্যানার বহন করে তারা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের কর্মকর্তা সংহতি জানিয়ে বক্তব্য দেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের কাছে স্মারকলিপি প্রদান করেন।
গত রোববার রাতে কুমিল্লা পাওয়ার হাউসের কাছের জঙ্গলে লাশ পাওয়া যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর।






