কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পুনঃ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হবে আজ।
সকালে মুরাদনগরের মির্জাপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তোলা হবে তনুর মরদেহ। কুমিল্লার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সিআইডি এবং ডিবির বিশেষজ্ঞ দল সেসময় উপস্থিত থাকবেন।
সোমবার মামলার তদন্তকারি কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে, কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করে, পুনঃময়না তদন্তের আদেশ দেন।
ওদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।








