ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে আটক হওয়া ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির দলীয় ওয়েব সাইটে প্রকাশিত লিখিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মহিউদ্দিন রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মহিউদ্দিন রানা এবং ফলিত রসায়নের প্রথম বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুনকে পরীক্ষার আগের রাতেই আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজ পরীক্ষা চলার সময় বিভিন্ন কেন্দ্র থেকে আরও ১৩ জনকে আটকে করা হয়। এর পরেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে মহিউদ্দিন রানাকে বহিষ্কারের ঘোষণা আসে।
এই ফাঁস হওয়া প্রশ্নেই শুক্রবার সকাল ১০টা-১১টা ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেয় ৯৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে ঘ ইউনিটের পরীক্ষার মূল সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি গতকাল সারারাত অফিস করেছি। সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমার কাছে তো কেউ এখনও এ ধরনের অভিযোগ করেনি।
তাছাড়া আমার কাছে এ অভিযোগ বিশ্বাসযোগ্যও মনে হয় না। তারপরেও প্রমান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি আপাতত ফলাফল তৈরির কাজে ব্যস্ত আছি।’
অন্যদিকে পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে ১২ জন এবং আগের রাতে দু’জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক সাদেকা হালিম।








