দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের জন্য বাংলাদেশ এবং সৌদি আরব ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তি সই করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি সরকার প্রধান ও রাজা সালমানের মধ্যকার রবিবারের বৈঠকের পর এই চুক্তিগুলো সাক্ষর হতে পারে।
বাংলাদেশের এ্যাম্বেসেডর গোলাম মোশি আরব নিউজকে বলেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ, বাণিজ্যিক মৈত্রী, প্রশিক্ষণ এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিং সালমান ও শেখ হাসিনার বৈঠকে বিশেষভাবে আলোচিত হবে। এছাড়াও সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনি, লেবানন এবং রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।
অনুমোদনের অপেক্ষায় থাকা ছয় প্রধান চুক্তির মধ্যে রয়েছে রাজনৈতিক আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক এবং কূটনীতিকদের জন্য ভিসা মওকুফ বিষয়ক একটি চুক্তি। বাংলাদেশী কূটনীতিকদের জন্য দেশটিতে ঝামেলামুক্ত প্রবেশের লক্ষ্যে এবং অপর পক্ষেও একই সুবিধা প্রদানে দুই দেশ এই কূটনৈতিক কর্মীদের জন্য ভিসা অব্যাহতির বিষয়ে একটি চুক্তি সাক্ষরে রাজি হয়েছে বলে জানান গোলাম মোশি।
এছাড়াও ৩৪ জাতির ইসলামিক জোটে বাংলাদেশের ভূমিকা নিয়েও আলোচনা হবে। জনশক্তি ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চেষ্টা করছে। আগামী দুই বছরে সৌদি আরবে প্রায় ৫ লাখ শ্রমিক নিয়োগ দেবে। বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মীদের নিয়ে আসার সম্ভাব্যতা মূল্যায়নের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বর্তমানে বাংলাদেশ রয়েছেন বলেও জানান এ্যাম্বেসেডর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জেদ্দায় পৌছান এবং ৫ দিনের সফর শেষে পবিত্র শহর মদিনা থেকে ৭ জুন দেশে ফিরবেন তিনি।
এছাড়াও সৌদি কৃষি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করতেও দেশটির কৃষি মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন বলে জানান মোশি।
সৌদি অর্থায়নে বাংলাদেশে হাই-টেক পার্ক স্থাপনের বিষয়টি উল্লেখ করেন তিনি। সৌদি ব্যবসায়িদের বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান, অবকাঠামো, সিমেন্ট, পেপার এবং সার সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান জানান তিনি। সৌদি ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে একটি ডিএপি সার কারখানা গড়ে তোলা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চলতি সফরেই পররাষ্ট্র দফতর আলোচনা বিষয়ক, সাংস্কৃতিক সহযোগিতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিনিয়োগ রক্ষা এবং কূটনীতিকদের ভিসা অব্যাহতি বিষয়ে চুক্তি সাক্ষরের ব্যাপারে প্রত্যাশার কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে উল্লেখ করেন এ্যাম্বাসেডর।








