রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকা এসে পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বিশেষ ফ্লাইটে আব্বাসকে বহণকারী বিমান বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
ফিলিস্তিনি নেতাকে ২১টি তপোধ্বনি দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার প্রদাণ করে। এসময় আব্বাসের হাতে ফুল দিয়ে তোড়া তুলে দেন রাষ্ট্রপতির দুই নাতি-নাতনি নামিরা এবং জিম।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঢাকায় এসেছেন।
সফরকালে মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশ-ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।
ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস তার সম্মানে প্রেসিডেন্ট আবদুল হামিদ কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন। তিন দিনের সরকারী সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতি আগামী শুক্রবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।







